আদালত অবমাননার দায়ে ভারতের সুপ্রিম কোর্ট নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী স্বামীনাথন কারনানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। কিন্তু এরপর থেকেই লাপাত্তা রয়েছেন তিনি। বিচারপতি সি এস কারনানকে গ্রেফতারের জন্য খুঁজছে কলকাতা পুলিশের ৫ সদস্যের একটি দল। আর গ্রেফতার এড়াতে কারনান দেশ ছেড়ে লুকিয়ে আছেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী এবং আইন উপদেষ্টা ডব্লিউ পিটার রমেশ কুমার।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে কারনান বৃহস্পতিবার ভোরেই সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ নেপাল বা বাংলাদেশে চলে গেছেন বলে জানান এই সহযোগী। সড়কপথেই দেশ ছেড়েছেন তিনি। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করার অনুমতি পেলেই কেবল তিনি দেশে ফিরবেন। তবে কীভাবে কোন পথে কারনান দেশ ছেড়ে গেছেন সে সম্পর্কে আর কিছু জানাতে রাজি হননি রমেশ কুমার।
শীর্ষ আদালতের নির্দেশ আসার পর পশ্চিমবঙ্গের ডি জি হোমগার্ড রাজ কানোজিয়ার নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল বুধবার কারনানকে গ্রেপ্তার করতে চেন্নাইয়ে পৌঁছে। চেন্নাই পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশ দলটি বৈঠকও করে।
কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি বলে পশ্চিমবঙ্গ পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন।
সূত্রগুলি বলছে চেন্নাইতে পৌঁছে কারনান সেখানকার একটি সরকারী অতিথি নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। সেই সময়েই নির্দেশ পৌঁছায় যে তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারের ওপরে নিষেধাজ্ঞা জারী হয়েছে। ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে যে পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল তার। পুলিশ ওই মন্দিরেও খোঁজ করতে গিয়েছিল। কিন্তু পাওয়া যায় নি বিচারপতি কারনানকে। তার আইনজীবিদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। পুলিশ সূত্রগুলি বলছে যে গাড়িটি নিয়ে তিনি চেন্নাই ছেড়েছেন তার সরকারী চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টের এক নির্দেশের পরেই নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয় ভারতের বিচার বিভাগে। ডাক্তারি পরীক্ষা নাকচ করে বিচারপতি কারনান সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতের ২০ জন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে।
তারপরেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করে। একাধিকবার কারনানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত না হওয়ায় আগেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বিবিসি বাংলা।
ইত্তেফাক/সেতু
