পূর্বশত্রুতার জের ধরে বিষপ্রয়োগে গরু হত্যা

আপডেট : ১২ মে ২০১৭, ১৪:৩৮
 
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে এক খামারির প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের চারটি গরুকে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
ঘটনার স্বীকার সৈয়দপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার ও ফুলসারা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার মাওলানা মাজহারুল ইসলাম ও তার বড় ছেলে হুমায়ন কবীর জানান, তাদের বাড়ির খামারে ১১টি গরু রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গরুর খাবার দিলে খাবারের ২/৩ মিনিটের মধ্যে আক্রান্ত হয়ে তিনটি গাভী ও একটি বলদ গরু ছটফট করতে করতে মারা যায়।
 
তারা জানান, চারটি গরুর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা। তারা আরো জানান, এর মধ্যে একটি গাভীর তিনমাস বয়সি একটি বাছুরও রয়েছে।
 
তাদের অভিযোগ, একই গ্রামের ইউপি মেম্বার সোবহানুল ইসলাম বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে খাবার দেয়ার ডিব্বায় আগে থেকেই কোন ধরনের পয়জন দিয়ে রেখেছিল। খাবার খাওয়ার ২/৩ মিনিটের মধ্যেই গরুগুলি মারা যায়। তারা জানান, কোনো ধরনের কীটনাশক দিলে খাবারে কীটনাশকের গন্ধ পাওয়া যেত। কিন্ত খাবারে কোনো গন্ধ পাওয়া যায় নি।
 
এ অভিযোগে গ্রামের মেম্বার সোবহানুল ইসলাম বাবুকে প্রধান অভিযুক্ত করে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মাজহারুল ইসলাম। জানতে চাইলে চৌগাছা থানার ওসি মসিউর রহমান জানান, এ ব্যাপারে মাজহারুল ইসলাম গ্রামের মেম্বার সোবহানুল ইসলাম বাবুকে সন্দেহ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য এসআই কুদ্দুসকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
 

ইত্তেফাক/এএম।