মেয়ের মৃত্যুর তদন্তকারী মেক্সিকান মাকে খুন করেছে দুর্বৃত্তরা

আপডেট : ১২ মে ২০১৭, ১৫:৩১
নিজের মেয়ের হত্যাকাণ্ডসহ প্রায় ৬০০ পরিবারের নিখোঁজ থাকা মানুষদের অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া মেক্সিকোর এক নারী ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজ নামের ওই মহিলাকে তামাউলিপাস রাজ্যের সান ফার্নান্দো শহরের নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। 
 
তিনি দেশটিতে স্থানীয় মাদক চোরাচালানকারী ‘জিটাস’ এর দ্বারা নিজের মেয়ের অপহরণ ও হত্যার সফল তদন্তকারী হিসেবে পরিচিত ছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ওই গ্যাং সদস্যদের খুঁজে বের করে পুলিশ। পরবর্তীতে তাদের জেল দেয়া হয়। 
 
কিন্তু গতমাসে ওই সন্ত্রাসীদের একজন জেল থেকে পালিয়ে গেলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন মার্টিনেজের সহকর্মীরা। এরপর, গত ১০ মে ‘মেক্সিকান মাদার ডে’তে তাকে খুন করা হয়।
 
উল্লেখ্য, ২০১২ সালে মিরিয়ামের মেয়েকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা অপহরণ করে। পরে তার মরদেহ এক গোপন কবরস্থানে পাওয়া যায়। তখন থেকেই তিনি স্থানীয়দের একত্রিত করে নিখোঁজদের অনুসন্ধান শুরু করেন। বিবিসি।