পুলিশের হাত থেকে আসামি পালানোর দায়ে চরফ্যাশন কোর্টের তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করে ভোলা পুলিশ লাইনে নেয়া হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও আবদুল জব্বার।
জানা গেছে, চরফ্যাশনে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর আদালতে হাজিরা শেষে বাস যোগে জেল হাজতে নেয়ার সময় পুলিশের হ্যান্ডকাফ রেখে পালিয়েছে ঐ আসামি। বৃহস্পতিবার ভোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার পর ভোলা মডেল থানায় মামলা হয়েছে। চরফ্যাশন কোর্ট সিএসআই মো.শাখাওয়াত হোসেন বাদী হয়ে পলায়নকারী আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেছেন।
কোর্ট সিএসআই মো.শাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতের আসামি চরশশীভুষণ এলাকার নুরুল ইসলামের পুত্র মো.রফিকুল ইসলাম দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বৃহস্পতিবার শশীভূষণ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
চরফ্যাশন কোর্টের হাবিলদার আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও পুলিশ আবদুল জব্বার যাত্রীবাহী বাস যোগে আসামিকে নিয়ে ভোলা বাসস্ট্যান্ডে পৌঁছুলে কৌশলে হ্যান্ডকাফ খুলে আসামি রফিকুল ইসলাম পালিয়ে যায়। ভোলা জেলা পুলিশ সুপার মো.মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলায় তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে রাখা হয়েছে।
ইত্তেফাক/জামান
