গোদাগাড়ীতে জঙ্গি হামলায় দমকল কর্মীর মৃত্যুর ঘটনায় কমিটি

আপডেট : ১২ মে ২০১৭, ১৯:২৪
গোদাগাড়ীর বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গিদের হামলায় দমকল বিভাগের কর্মী আব্দুল মতিন নিহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (দমকল)।
 
এই কমিটির প্রধান করা হয়েছে দমকল বিভাগ রাজশাহী সদর দপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামকে। তবে কমিটির অপর সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি। ঘটনাস্থল পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দমকল বিভাগের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত ছিল কি না? তা এই তদন্ত টিম ক্ষতিয়ে দেখবে। এর আগে সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে একেএম শাকিল নেওয়াজ বুধবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্য রওয়ানা হন। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পৌঁছে তিনি নিহত আব্দুল মতিনের লাশ দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গোদাগাড়ীতে জঙ্গি আস্তানার খবর পেয়ে পুলিশ সেখানে কাজ করছিল। তারা দমকল বিভাগের সহযোগিতা চাইলে আমরা সেখানে আমাদের লোক পাঠাই। তারা নির্দিষ্ট দূরত্বে ছিল। কারণ, আমাদের নিকট দূরত্বে কোনো অবস্থাতেই যাওয়ার কথা না। একপর্যায়ে অপারেশনের পরিকল্পনা অনুযায়ী, আমাদের লোকজনকে বলা হয় জঙ্গি আস্তানার মাটির দেয়াল পানি দিয়ে ভাঙার জন্য। কর্মিরা কাছে যান এবং কাজ শুরু করেন। একপর্যায়ে জঙ্গিরা বের হয়ে আসে এবং আমাদের লোকের ওপর হামলা চালায়। এ সময় বাকি দুজন সরে যেতে পারলেও মতিন পারেননি। তখনই জঙ্গিরা তাকে ধরে ফেলে। তার মাথায় বেশ কয়েকটি কোপ দেয়।
 
তিনি আরো বলেন, এ ধরনের অপারেশনে আরও পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় থাকা উচিৎ ছিল। মতিনের পরিবারকে ফায়ার সার্ভিস ও সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। জঙ্গি হামলায় নিহত আব্দুল মতিন (৪৫) গোদাগাড়ীর মাটিকাটা ভাটা গ্রামের মৃত এহসান আলীর ছেলে।
 
 
ইত্তেফাক/ইউবি