জেলার সদর উপজেলার নুনছড়ির থলিপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে বাবা-ছেলে খুন হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন দুই গৃহবধূ।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ১০/১২ জন দুর্বত্ত অস্ত্রশস্ত্র নিয়ে থলিপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী চীরঞ্জিত ত্রিপুরার (৫৫) বাড়িতে হামলা চালায় । এ সময় দুর্বৃত্তরা তাকে ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরাকে (৩০) কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। হামলায় বাঁধা দিতে গেলে চীরঞ্জিত ত্রিপুরার স্ত্রী ভবলক্ষী ত্রিপুরা (৪৫) ও পুত্রবধূ বিজলী ত্রিপুরা (২৮) আহত হন।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, সামাজিক বিরোধের কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাশ দুটির ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
