দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৭ রানে হারলো রাইজিং পুনে সুপারজায়ান্ট। ফলে প্লে-অফের খেলার ছাড়পত্রের জন্য লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে পুনেকে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে পুনের।
গতরাতে নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে দিল্লি। করুন নায়ারের ৯টি চারে সাজানো ৪৫ বলে ৬৪ ও উইকেটরক্ষক ঋসভ পান্টের ২২ বলে ৩৬ রানের সুবাদে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে দিল্লি।
জবাবে মনোজ তিওয়ারির ব্যাট চড়ে জয়ের পথেই ছিলো পুনে। কিন্তু সতীর্থদের সহযোগিতা না পাওয়ায় শেষ পর্যন্ত দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি তিওয়ারি। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৬০ রান করেন তিওয়ারি। এছাড়া অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৩৮ ও ইংল্যান্ডের বেন স্টোকস ৩৩ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন করুন নায়ার।
এই জয়ে ১৩ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থাকলো টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়া দিল্লি। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে পুনে। বাসস।
ইত্তেফাক/রেজা
