বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী এমদাদুলের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ৪ এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা। এসময় এমদাদুল পালিয়ে যান। শনিবার সকাল থেকে মাদক বিরোধী অভিযান চলাকালে শিবগঞ্জের প্রতাপবাজু এলাকায় এমদাদুলের বাড়ি থেকে এই গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৩০ কেজি ২০০ গ্রাম। যার মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা।
৪ এপিবিএন এর উপ-পরিদর্শক হাসানুল কবীর জানান, শনিবার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগরকান্দি প্রতাপবাজু এলাকার মৃত খোকা প্রাং এর ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা এমদাদুলের বাড়িতে একটি ঘর হতে ৪টি বস্তায় রাখা ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক বিক্রেতা এমদাদুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
