রাজশাহীতে পুলিশের ব্লক রেইড ও অভিযানে গ্রেফতার ২৪

আপডেট : ১৩ মে ২০১৭, ১৭:২৭
 
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় ব্লকরেইড অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেরখাদিয়া উত্তরপাড়া কাঁচাবাজার ও ডাবতলা এলাকায় প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে জিহাদি বইসহ ছাত্রশিবিরের নেতা আশরাফ হোসেন সোহেলকে আটক করা হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিশেষ সতর্কতামূলক নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্লক রেইড অভিযানে ভাড়াটিয়াদের বিষয়েও সঠিক তথ্য পুলিশের কাছে দেয়া হয়েছে কি না তাও যাচাই করে দেখা হয়।
 
অন্যদিকে শুক্রবার দিনগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজা, ইয়াবাসহ ২৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ইউসুফপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি আব্দুল রাজ্জাক রয়েছেন।
 
চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, চারঘাটে মাদক মুক্ত জিরো টলারেন্স লক্ষে রাতে অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল রাজ্জাককে জিহাদি বই ও লিফলেটসহ আটক করা হয়। এছাড়া ৮টি মাদক মামলার গডফাদার ইউসুফকেও গ্রেফতার করা হয়েছে।শনিবার সকালে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান