সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে আগামী ২১ মে থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করেছে উত্তরবঙ্গ ট্রাক, লড়ি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলড়ি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি মাসে ৭ দফা দাবি মেনে নেয়া না হলে পবিত্র ঈদুল ফিতরের পর লাগাতার কর্ম বিরতি পালনের কর্মসূচি দেয়া হবে।
আব্দুল মান্নান আকন্দ বলেন, ইতোপূর্বে ২০১৬ সালে ৭ দফা দাবিতে ধর্মঘট চলাকালে সরকার এবং পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকে ৭ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করা হলেও তা কার্যকর হয়নি। পরিবহনের কাগজ যাচাই বাছাইকালে হয়রানি বন্ধে মালিক শ্রমিকদের প্রতিনিধি সঙ্গে নেয়ার কথা থাকলেও পুলিশ তা করছে না। বরং মহাসড়কে কাগজ যাচাইয়ের নামে হয়রানি করছে। ফলে ঐক্য পরিষদ বাধ্য হয়েই আন্দোলনে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর মতিন সরকার, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান , জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বুলবুল, মিলু শেখ, জালাল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
