সরকার নির্ধারিত জমির মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে : অর্থমন্ত্রী

আপডেট : ১৩ মে ২০১৭, ২০:২৩
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন বিদেশে টাকা পাচার রোধে জমি কেনাবেচায় সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে। আগামী অর্থবছর (২০১৭-১৮) থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কোনো মাশুল নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। 
 
শনিবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, আমরা যে দামে জমির মূল্য ঠিক করে দেই, বাস্তবে তার দাম অনেক বেশি। তাই বেশি দামে জমি বিক্রি হয়। জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ কালো টাকা তারা বিদেশে পাচার করে। তাই পাচার বন্ধে আগামী বাজেটে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
 
রেমিট্যান্স বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটাকে বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন এখন থেকে রেমিট্যান্সের ওপর চার্জ আর করবেন না। প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা এটা করব। প্রবাসীদের আর টাকা পাঠানোর জন্য পয়সা দিতে হবে না। 
 
ইত্তেফাক/পাভেল