চলে গেলেন সাংবাদিক রিশিত খান

আপডেট : ১৩ মে ২০১৭, ১৮:৩০
 
বিশিষ্ট সাংবাদিক, গল্পকার, কলামিস্ট রিশিত খান আর নেই। শনিবার দুপুরে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন।
 
মৃত্যুকালে রিশিত খানের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বেশ কিছু দিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে সহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রিশিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের বিশু খানের ছেলে।
 
লেখাপড়া শেষ করে রিশিত সাংবাদিকতায় যোগ দেন। ৯০' এর দশকের গোঁড়ার দিকে সাপ্তাহিক খবরের কাগজে তার সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক ডেসটিনি, সাপ্তাহিক ২০০০ পত্রিকা ও ওয়াল্টনের অনলাইন পত্রিকা রাইজিং বিডি সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
 
রিশিত প্রায় এক সপ্তাহ ধরে আইসিইউ'তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে দুরারোগ্য ব্যাধির কাছে হেরে গেলেন তিনি। গ্রামের বাড়ি কানসোনা কবরস্থানে রবিবার সকালে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে রিশিতের পরিবার সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান