‘স্কুল-কলেজ-হাসপাতাল সড়কে গতি ঘণ্টায় ৩০ কি.মি.’

আপডেট : ১৩ মে ২০১৭, ১৯:২১
স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকা ও অযান্ত্রিক যানবাহন চলাচলকারী সড়কে ঘণ্টায় অনধিক ৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর শপথ নিয়েছেন বাসচালকরা।
 
আজ শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় শতাধিক বাসচালক ব্র্যাকের সড়ক নিরাপত্তা প্রচারাভিযানে অংশ নিয়ে বোর্ডে স্বাক্ষর করে এ শপথ গ্রহণ করেন। ৮-১৪ মে জাতিসংঘ ঘোষিত ‘গ্লোবাল রোড সেফটি উইক’ উদ্যাপন উপলক্ষে ব্র্যাক এ সড়ক নিরাপত্তা প্রচারাভিযান চালাচ্ছে।
 
ব্র্যাক আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শতাধিক মোটরসাইকেলের এক র‌্যালি বের করে। নিরাপদ সড়কের লক্ষ্যে গাড়ির গতি কমিয়ে আনার প্রচারণার অংশ হিসেবে র‌্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাস টার্মিনাল হয়ে বনানী গিয়ে শেষ হয়। এ প্রচারাভিযানে রোড রাইডার্স মোটরবাইক প্রুপের প্রায় দুই শ’ সদস্য অংশগ্রহণ করেন।
 
যানবাহনের গতি কমিয়ে আনার লক্ষ্যে এবারের প্রচরাভিযানের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জীবন বাঁচাও, গতি কমাও’। 
 
ইত্তেফাক/এমআই