পূর্বশত্রুতার জের ধরে নড়াইল সদর থানার সিঙ্গিয়া এলাকায় জিল্লুর রহমান শেখ (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে। এতে দুইজনকে আটক করা হয়েছে।
নিহত জিল্লুর রহমান শেখ একই থানার কোমখালী গ্রামের ভোলাই শেখের ছেলে। এসময় সন্ত্রাসীরা তরিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে। নিহত জিল্লু শেখের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মিলন মেম্বর ও মুছা মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিলো। এ শত্রুতার জের ধরে তারাসহ তাদের লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
আহত তরিকুল ইসলাম জানান, নড়াইল শহর থেকে কাজ শেষে শুক্রবার রাতে তারা মোটর সাইকেল যোগে মাগুরা জেলার শালিখা উপজেলার গজনগর গ্রামের আজবাহারের বাড়িতে একটি অনুষ্ঠানের দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত আড়াইটার দিকে সিঙ্গিয়া কবরস্থান এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মিলন ও মুছা মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে তাদের কোপাতে থাকে। এ ঘটনায় জিল্লুর রহমান শেখ নিহত এবং তরিকুল আহত হন।
সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান জানান, রাত তিনটার দিক ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
