বৈদ্যুতিক তার চুরির অভিযোগে হাফিজুর রহমান হাফিজ (২২) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এ ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ ব্যারাক (আবাসিক ভবন) থেকে হাফিজুরকে মির্জাপুর থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে শনিবার পুলিশ সূত্র জানিয়েছে।
জানা গেছে, মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কয়েক কোটি টাকা ব্যয়ে পাকা ভবন নির্মাণ হচ্ছে। পাকা ভবনের বিদ্যুতের কাজ পান সবুজ রানা নামে এক ঠিকাদার। সম্প্রতি ভবনে কাজ করার সময় ঐ ভবন থেকে কয়েক বান্ডিল বৈদ্যুতিক তার চুরি হয়। এই ঘটনায় ঐ ঠিকাদার বাদী হয়ে মির্জাপুর থানায় গত ৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে মির্জাপুর থানার এসআই মো. বদিউজ্জামান গত শুক্রবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে হাফিজুর রহমান হাফিজের ব্যাগ থেকে বৈদ্যুতিক তারের বান্ডিলসহ তাকে আটক করে। মির্জাপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃত পুলিশ সদস্য হাফিজুরের পিতার নাম মো. আব্দুল হামিদ, বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে। তিনি সম্প্রতি পুলিশ বাহিনীতে যোগদান করে প্রশিক্ষণের জন্য মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এসেছিলেন।
ইত্তেফাক/জামান
