‘ভিশন ২০৩০-এর সমালোচনাকারীরা অন্তঃসারশূন্য’

আপডেট : ১৩ মে ২০১৭, ২০:৪৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় দেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ কে যারা অন্তঃসারশূন্য বলে সমালোচনা করছেন, তারা নিজেরাই অন্তঃসারশূন্য। অত্যন্ত দুঃখ লাগে, বেগম জিয়া ভিশন ২০৩০ তখনো শেষ করেননি বা শেষ করেছেন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিলো এটা একটা অন্তঃসারশুন্য। তারা যদি সত্যিকার অর্থে গঠনমূলক রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে ভিশন ২০৩০ কে অভিনন্দন জানাতো। এটাকে সাধুবাদ জানাতো। 
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন সহায়ক সরকার: সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। 
 
খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’কে ঐতিহাসিক রাজনৈতিক দলিল অভিহিত করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া যেটা উপস্থাপন করেছেন, আমি মনে করি এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হিসেবে বাংলাদেশের ইতিহাসে থাকবে। এটি দেশের রাজনীতিতে একটি মাইলফলক। গত ৪০ বছরে কোনো রাজনৈতিক দল এ ধরণের চিত্র তুলে ধরেনি। এ ভিশনের মাধ্যমে আন্দোলন জোরদার হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের এ প্রতিক্রিয়া ঠিক হয় নাই। এটা পড়ে দেখে সুনির্দিষ্টভাবে বলা উচিৎ ছিল। 
 
আয়োজক নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ও ড. এস এম হাসান তালুকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ এবং ঢাকা মহানগর বিএনপির নেতা সাইফুর রহমান মিহির।
 
 
ইত্তেফাক/ইউবি