সুশৃঙ্খল-শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৪ মে ২০১৭, ০০:৪১

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা। একজন ব্যক্তি নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে যে কোনো দল করতে পারেন, কিন্তু উন্নয়নকাজের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। কাজের ব্যাপারে কোনো ধরনের বাধা কাম্য নয়।

মন্ত্রী গতকাল শনিবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার টগড়া ফেরিঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের রাস্তা ও বাঁধ মেরামত কাজের উদ্বোধন শেষে সমবেত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবাইকে মিলে মিশে থাকতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের রাস্তা ও বাঁধ মেরামতের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন শুরু করতে পেরেছি। আগামীতে ৫০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি বড় প্রকল্পের অধীনে ইন্দুরকানি উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের সিদ্ধান্ত সরকার নিয়েছে। এ ধরনের আরও উন্নয়ন কাজ করতে হলে এলাকাবাসীকে সুস্থ থাকতে হবে, শৃঙ্খলাবদ্ধভাবে জীবন-যাপন করতে হবে। জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তাদের জন্য আরও উন্নয়ন প্রকল্প আসবে।

উদ্বোধন কাজ শেষে মন্ত্রী দোয়া ও মোনাজাত করেন। এ সময় ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল কবির মজনু তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া  ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতি, জেপি’র উপজেলা সভাপতি আসাদুল কবির স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, জেপি সহ-সভাপতি মোকাররম হোসেন কবির ও কাউছার আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ পান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, জাতীয় মহিলা পার্টির উপজেলা সভানেত্রী শারমীন হোসেন, যুবসংহতির উপজেলা সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জেপি’র ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

ভান্ডারিয়ায় গ্রামবাসীদের

সঙ্গে উঠান বৈঠক

ভাণ্ডারিয়ার সংবাদদাতা ফজলুর রহমান জানান, আনোয়ার হোসেন মঞ্জু শনিবার সন্ধ্যার পর ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট সংলগ্ন মেদিরাবাদে দেলোয়ার হোসেন খলিফার বাড়িতে গ্রামবাসীদের সঙ্গে এক উঠান বৈঠকে মিলিত হন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এ বৈঠকে এলাকার বিদ্যুত্, রাস্তা ও গভীর নলকূপ, বিদ্যালয় ভবন, বেড়িবাঁধ নিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল জলিল সিকদার, বেলায়েত হোসেন মাস্টার, মিঠুন চক্রবর্তী, বিদ্যুত্ কুমার হালদার, রীনা বেগম, জোছনা বেগম, সুকণ্ঠ চক্রবর্তী, মনির হোসেন প্রমুখ গ্রামবাসী।

এ সময় মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সচেতন হতে হবে। এলাকায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় তার মান রক্ষা, দুর্নীতি সংঘটিত হওয়া ইত্যাদি বিষয়ে জনগণেরই খেয়াল রাখা উচিত। মানুষের উন্নয়ন কাজের শেষ নেই। আগেও কাজ হয়েছে, ভবিষ্যতে হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ভিটাবাড়িয়ার সাবেক  ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা। এ সময় উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, জেপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল, ভাণ্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি’র সভাপতি আব্দুল হালিম শরীফ, সাধারণ সম্পাদক রেজা আহমেদ দুলাল প্রমুখ।

এদিকে আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সন্ধ্যার পর ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে জেপি, যুবসংহিত ও ছাত্র সমাজের একটি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য আব্দুল কাদের হাওলাদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু