বগুড়ায় জাসদ নেতার ছেলেকে ইটের আঘাতে হত্যা

আপডেট : ১৪ মে ২০১৭, ০১:৫৩

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাসুম ফেরদৌস মাশুক (১৫) নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রকে ইটের আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে শহরতলীর মাটিডালী হাজিপাড়ায় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাশুক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এমদাদুল হক এমদাদের ছোট ছেলে এবং এসওএস হ্যারম্যান মেইনার স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।

মাশুকের পিতা এমদাদ হোসেন বগুড়ার স্বনামধন্য শিমু বেকারীরও স্বত্ত্বাধিকারী এবং বগুড়া ব্রেড- বিস্কুট এন্ড কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক।

নিহত মাশুকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত অনুমান সোয়া ৯টায় স্থানীয় কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে বাড়ির পাশে মাশুকের মাথায় উপর্যুপরি ইটের আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে আশংকাজনক ভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের সূত্র জানায়, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠন নিয়ে মাশুকের পিতা জাসদ নেতা এমদাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই মাশুককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে পুলিশ তাৎক্ষনিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত না করে হত্যার নিশ্চিত কারণ বলা যাবে না। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ইত্তেফাক/নূহু