দিনে দিনে দখল হয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহাসিক পালরদী খাল। কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা প্রকাশ্যে এ জনগুরুত্বপূর্ণ খালটি দখলের প্রতিযোগিতায় নেমেছেন। খালের মধ্যে কেউ মুরগির খামার তৈরি করেছেন, কেউবা নির্মাণ করেছেন পাকা বাড়ি। আবার কেউ কেউ খালের মধ্যে পাইলিং দিয়ে খালের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। ফলে খরস্রোতা খালটি এখন অনেকটা মরা খালে পরিণত হয়েছে। খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে নৌযান চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় সরকারি খাল দখল হলেও বিষয়টি দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন। এ কারণে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ দখলদাররা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গৌরনদী বন্দরের মাছ বাজারের ব্রিজের সন্নিকটে পালরদী খালের উত্তর পাশে সরকারি খালের জমি দখল করে সুবিশাল এলাকা জুড়ে মুরগির খামার তৈরি করেছেন পৌর বিএনপির এক নেতা। স্থানীয়রা জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি খালের মধ্যে মুরগির খামারটি তৈরি করেন। তার দেখাদেখি দক্ষিণ তীরেও খাল দখল করে অনেকেই নির্মাণ করেছেন পাকা দালান। গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী ব্রিজের উত্তর পাশে খালের মধ্যে সম্প্রতি পাকা পিলার বসিয়ে পাইলিং দিয়ে খাল দখলের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় আরেক প্রভাবশালী ব্যক্তি।
এ ব্যাপারে ওই বিএনপি নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি খাল দখল করে নয়, আমি আমার রেকর্ডীয় সম্পত্তির ওপর মুরগির খামার তৈরি করেছি।
এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ জানান, সরকারি খালের জমি দখল করা সম্পূর্ণ বে-আইনি কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অচিরেই পালরদী খালের ওপরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু
