শুক্রবারের সাইবার আক্রমণে বিশ্বজুড়ে ১৫০টি দেশে ২ লক্ষ সিস্টেম এর শিকার হয়েছে বলে জানিয়েছেন ইউরোপোল প্রধান রব ওয়েইনরাইট। যুক্তরাজ্যের আইটিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, বিশ্বজুড়ে এই হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং আশঙ্কা রয়েছে সোমবার আরো একটি হামলা হতে পারে।
ওয়ানাক্রিপ্ট নামের এই র্যানসমওয়্যার ভাইরাসটির মাধ্যমে হ্যাকাররা ইউজারদের সব ফাইলের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং ফাইলগুলোর ‘মুক্তিপণ’ হিসেবে বিটকয়েনের মাধ্যমে অর্থ দাবি করে। বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি অ্যাকাউন্টে ২২ হাজার পাউন্ড সমমূল্যের মুক্তিপণ প্রদান করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও রাশিয়া রয়েছে।
ইউরোপোল প্রধান ওয়েইনরাইট বলেন, সাইবার হামলায় আক্রান্তর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং রবিবার ছুটির দিনের পরে সোমবার যখন মানুষ অফিসে ফিরবে তখন দেখা যাবে আক্রান্তের সংখ্যা অনেক। তিনি বলেন, আমরা ক্রমশই বৃদ্ধিমান হুমকির সম্মুখীন, আক্রান্তের সংখ্যাটা বেড়েই চলছে।
ওয়েইনরাইট বলেন, আমরা বিশ্বজুড়ে সাইবার অপরাধের বিরুদ্ধে ২০০টি অপারেশন পরিচালনা করছি। আমরা এমন কিছুই আগে দেখিনি। সর্বশেষ হিসেব অনুযায়ী ১৫০টি দেশে ২ লাখ সিস্টেম এর শিকার হয়েছে। হামলার শিকার এসব সিস্টেমের অনেকগুলো হবে বড় কর্পোরেশনসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
