ভারতে সাবেক প্রেমিকাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে তার সাবেক প্রেমিকাকে অপহরণের পর ধর্ষণ এবং ইট দিয়ে মাথা থেঁতলে ও গাড়ি চাপা দিয়ে হত্যা করে।
রবিবার দেশটির পুলিশ একথা জানায়। উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী ওই নারীকে লোকটি তার বন্ধুদের সহায়তায় অপহরণ করে। এরপর মেয়েটিকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা দূরবর্তী একটি শিল্প এলাকায় মেয়েটির লাশ ফেলে আসে।
ঘটনার চার দিন পর শুক্রবার স্থানীয় এক বাসিন্দা লাশটি দেখতে পায়। হরিয়ানার সোনিপাত নগর পুলিশের মুখপাত্র জগজিৎ সিং বলেন, ‘আমরা বিভিন্ন ধারায় দুজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই মামলার প্রধান আসামি সুমিত ও ওই নারীর মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটি তাকে বিয়ে করতে চায়নি। সে সম্পর্কটি ভেঙ্গে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমিত প্রতিশোধ নিতে চায়।’ এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
