বিড়ির ওপর বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে সমাবেশ

আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:১৮
বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শুল্ক নীতির প্রতিবাদে রবিবার সকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 
 
বাগেরহাটের মোল্লার হাট উপজেলা চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের  সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, সহসম্পাদক মো. হারিক হোসেন, কার্যকরী সদস্য  মো. সামিম ইসলাম, বাগেরহাট জেলা বিড়ি মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক  মো.  আতিয়ার রহমান,  মোল্লার হাট শ্রমিকলীগ সভাপতি কেরামত কাজী ও সাধারণ সম্পাদক  মো. নজরুল ইসলাম। 
 
সমাবেশে লোকমান হাকিম বলেন, যতদিন এদেশে সিগারেট থাকবে ততদিন বিড়িও থাকবে। কারণ বিড়ি এদেশেরই কাঁচামালে তৈরি। গরিব মানুষ তৈরি করে এবং গরিব মানুষ খায়।
 
সামিম ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প  বিলুপ্তির ঘোষণা দিয়েছেন।আমরা এর তীব্র নিন্দা ও ঘৃনা জানাই। যদি এই পথে অর্থমন্ত্রী অগ্রসর হন তাহলে বাংলাদেশের বিড়ি শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
 
মো. হারিক হোসেন বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর সম্পূর্ণ কর মুক্ত রেখে নিম্নস্তরের সিগারেটের ওপর কর বৃদ্ধি করে শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মস্থানের নিশ্চয়তা রাখতে হবে।
 
পরে তারা উপজেলা নির্বাহী  কর্মকর্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে প্রায় চার হাজার বিড়িশ্রমিক অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/ইউবি