খুলনা মহানগরীসহ জেলায় অপরাধপ্রবণতা কমেছে। গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মহানগরীসহ জেলার ১৭টি থানায় ৯৬টি মামলা কম হয়েছে।রবিবার জেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতাবিষয়ক সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান।
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত এপ্রিল মাসে রাহাজানি দু'টি, চুরি আটটি, খুন তিনটি, অস্ত্র আইনে তিনটি, ধর্ষণ দু'টি, অপহরণ একটি, নারী ও শিশু নির্যাতন ২৪টি, নারী ও শিশু পাচার তিনটি, মাদকদ্রব্য ১০৮টি এবং অন্যান্য ৪২টিসহ মোট ১৯৬টি মামলা দায়ের হয়েছে।
গত মার্চ-১৭ মাসে এ সংখ্যা ছিল ২৫৯টি। যা মার্চ মাসের তুলনায় ৬৩টি কম। অপরদিকে, জেলার নয়টি থানায় গত এপ্রিল মাসে ডাকাতি একটি, চুরি দু'টি, খুন দু'টি, অস্ত্র আইনে তিনটি, ধর্ষণ আটটি, নারী ও শিশু নির্যাতন ৩৯টি, নারী ও শিশু পাচার তিনটি ও মাদকদ্রব্য ১০৪টি এবং অন্যান্য আইনে ৭৩টিসহ মোট ২৩৫টি মামলা দায়ের হয়। গত মার্চ মাসে এ সংখ্যা ছিল ২৬৮টি। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ৩৩টি। সব মিলিয়ে খুলনা মহানগরীসহ জেলার ১৭টি উপজেলায় ৯৬টি মামলা কম দায়ের হয়েছে।
এদিকে, সভায় খুলনা শহরকে সুন্দর ও বাসযোগ্য করতে আইনশৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আসন্ন রমজানে নগরীর প্রতিটি মোড় যানজটমুক্ত রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তৎপরতা বাড়াতে বলা হয়।
সভায় খুলনা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, র্যাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সভাপতিসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
