বাগেরহাটের রামপাল উপজেলার একটি বাগান থেকে চারটি চিত্রল হরিণের মাথাসহ ৮৫ কেজি মাংস উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এই মাংস উদ্ধার করা হয়।
পুলিশ ও বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জনৈক মহব্বত আলী শেখের বাগানে যৌথ অভিযান চালনাে হয়। এসময় ওই বাগানের ভেতরে পলিথিনের ব্যাগে বরফ দেওয়া অবস্থায় হরিণের চার মাথা ও মাংস উদ্ধার করা হয়।
একই সময়ে পাশের একটি খাল থেকে চোরা শিকারিদের ব্যবহৃত সন্দেহে দু'টি নৌকা জব্দ করা হয়। তবে অভিযানকালে হরিণ শিকারি বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ ও বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মো. শমসের আলী বলেন, 'উদ্ধারকৃত হরিণের মাথা ও মাংস বিকেলে বাগেরহাটের বিচারিক আদালতের হাকিম সিরাজুল ইসলাম গাজির নির্দেশে ধ্বংস করা হয়েছে।'
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, 'এই ঘটনায় তিন জনের নামে বন আদালতে মামলা দায়ের করা হচ্ছে।'
ইত্তেফাক/জামান
