পাকিস্তানে রমজান মাসে প্রকাশ্যে পানাহার করলে জেল, সমালোচনায় বেনজির কন্যা

আপডেট : ১৪ মে ২০১৭, ১৯:৪৭
পাকিস্তানে রমজান মাসে প্রকাশ্যে পানাহার নিষেধাজ্ঞা বিষয়ক বিলের প্রচণ্ড সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বাখতাওয়ার ভুট্টো জারদারি। আইনটিকে হাস্যকর উল্লেখ করে তিনি একে ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেন।
 
এহতেরাম এ রমজান নামের এই আইন অনুযায়ী প্রকাশ্যে পানাহারের শাস্তি তিন মাসের কারাদণ্ড। এই আইন মানতে ব্যর্থ হলে হোটেল মালিকদের ৫০০ থেকে ২৫ হাজার রূপি পর্যন্ত জরিমানার বিধানও রাখা হয়েছে। গত বুধবার পাকিস্তান সিনেট স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতিক্রমে আইনটিতে অনুমোদন দিয়েছে।
 
২৭ বছর বয়সী বাখতাওয়ার টুইটারে এই আইনের সমালোচনা করে বলেন, এই হাস্যকর আইনের জন্য মানুষ হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের জন্য মারা যে। সবার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না। বাখতাওয়ার যোগ করেন, রমজানে পাকিস্তানে সবাই রোজা রাখবে না, স্কুলের শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থ ব্যক্তিদের রোজা রাখা সম্ভব না। এই মানুষগুলো পানি খেলে কী আমরা তাদের গ্রেফতার করবো?
 
পাকিস্তানের এহতেরাম এ রমজান অধ্যাদেশ ১৯৮১ অনুযায়ী মুসলিমদের জন্য রমজান মাসে দিনের বেলায় পানাহার করা বেআইনি। কিন্তু হিটস্ট্রোকের কারণে অনেক মাওলানা বলেছেন, স্বাস্থ্য ঝুঁকি থাকলে রোজা রাখা থেকে বিরত থাকা উচিত। পিটিআই।
 
ইত্তেফাক/সাব্বির