কোটালীপাড়ায় পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ মে ২০১৭, ২১:০৯
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, গোপালপুর গ্রামে রফিক শেখের যমজ ছেলে মোহাম্মদ উল্ল্যাহ ও আব্দুল্লাহ নদীর পাড়ে খেলতে যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির সামনের নদী থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
 
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, এর আগে রবিবার দুপুরে ওই উপজেলার আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) পুকুরে ডুবে নিহত হয়।
 
ইত্তেফাক/জামান