সুস্থ শিক্ষিত মা সমৃদ্ধ জাতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০১৭, ২১:০৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুস্থ, শিক্ষিত ও হাসিখুশি মা জাতির মূল চালিকাশক্তি।তাদের স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরো ভাবতে হবে। 
 
রবিবার বিকেলে রাজধানীর মহাখালীতে রাওয়া সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব মা দিবসে বিশেষ সম্মাননা পুরস্কার গর্বিনী মা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
মা দিবসে সকল মায়ের প্রতি সম্মান জানিয়ে মন্ত্রী স্মরণ করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে বন্দি অবস্থায় অকথ্য অত্যাচারে শহীদ আজাদ ও তার মায়ের কথা। বন্দি আজাদের সঙ্গে শেষ দেখায় মা বুকভাঙ্গা কষ্ট চেপে বলেছিলেন, ‘কষ্ট সহ্য করিয়া থাকিও বাবা, সহযোদ্ধাদের নাম কিন্তু বলিও না।’ আজাদ মায়ের কথা রেখেছিল। প্রাণ দিয়েছে কিন্তু নাম বলেনি। 
 
সন্তানদের কৃতিত্বের জন্য সাকেরা বেগম, রমা রায়, শ্যামলী নাসরিন চৌধুরী, মন্নুজান খাতুন, রাণী হামিদ, স্নিগ্ধা চন্দ, রাশিদা চৌধুরী, শিরীন হায়াত, নমিতা চৌধুরী এবং জহুরা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। 
 
হাসপাতালের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
 
সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানদের মধ্যে অনুভূতিপ্রকাশ করেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, ফুটবলার কায়সার হামিদ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয় শিল্পী বিপাশা হায়াত, চঞ্চল চৌধুরী, মেধাবীমুখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।বাসস
 
 
ইত্তেফাক/ইউবি