বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি স্থিতিশীল : বিশ্বব্যাংক

আপডেট : ১৪ মে ২০১৭, ২১:৩০

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন অনুযায়ী, প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রবিবার ঢাকায় বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। 

 

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, মে ২০১৭’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘দারিদ্র্যের হার হ্রাসসহ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। তবে বাংলাদেশ এর চেয়েও ভালো করতে পারে। দেশটির প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য অবকাঠামোর উন্নয়ন ও ব্যবসা ক্ষেত্রের অত্যধিক ব্যয় হ্রাস করা উচিৎ। পাশাপাশি নারী শ্রমিকের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কৌশলগত বিনিয়োগ দরকার।

 

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান ও ঊর্ধ্বতন পরিচালক কার্লোস ফিলিপে জারামিল্লো উপস্থিত ছিলেন। 

 

দারিদ্র্যের হার হ্রাস স্থিতিশীল রয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, শ্রম রফতানি পুনরায় শুরু হওয়া, খাদ্য স্ফীতি স্থিতিশীল থাকা ও মজুরি বৃদ্ধি অর্থবছর ১৬ (এফওয়াই ১৬)-তে দারিদ্র্য হ্রাসে অবদান রেখেছে। 

 

তিনি বলেন, ২০১৭ ও ২০১৮ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে। মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি হওয়া প্রয়োজন। বাসস

 

ইত্তেফাক/ইউবি