শিল্পকলায় ‘ত্রিংশ শতাব্দী’

আপডেট : ১৫ মে ২০১৭, ০০:৩৮

স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র ৮৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমন্টাল থিয়েটার হলে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধ বিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিশিয়া, ইয়ামেন, সিরিয়া, তুরস্ক, ফ্রান্স ও গুলশানে বর্বর হামলা প্রভৃতি প্রসঙ্গ। ত্রিংশ শতাব্দী প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ, যুদ্ধাপরাধী ও অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাত্ক্ষণিক ও সুদূরপ্রসারী বীভত্সতার চিত্র উদঘাটিত হয়েছে। এতে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, তানভীর শেখ ও জাহিদ রিপন।

ইত্তেফাক/নূহু