মুন্সীগঞ্জে ঝড়ে দুইশ বাড়ি বিধ্বস্ত

আপডেট : ১৫ মে ২০১৭, ১৪:৫০
 
মুন্সীগঞ্জে আজ সোমবার সকালে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, রাঢ়ীখাল ও বাঘরা এলাকায় প্রায় দুইশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি ও  গাছপালা উপড়ে গেছে। দুইটি গাভী মারা গেছে। অন্তত ২০ জন আহত হয়েছেন। 
 
আহত তিনজনকে ঘোলঘরস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরো ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছপালা উপড়ে পড়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে।
 
প্রত্যক্ষদর্শী কোলাপাড়া গ্রামের মিতুল হোসেন জানান, সকাল ৭টার দিকে হঠাৎ ঝড়ে অনেক বাড়ি-ঘর তুলার মতো উড়িয়ে নিয়ে যায়। কয়েক মিনিটের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় বাড়ি-ঘর। 
 
তিনি জানান, শুধু কোলাপাড় গ্রামেই অন্তত ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং দুইটি গরু মারা গেছে। পাশের রাঢ়ীখালে তিন দোকান বাজারে ৪০টি দোকান বিধ্বস্ত হয়। ৮টি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এছাড়া বাঘড়া, আল আমিন বাজার, বীর তারা ভাগ্যকূল এলকায় বহু বাড়ি-ঘর বিধ্বস্ত ও  গাছপালা উপড়ে গেছে। ১৫ জন চিকিৎস্যা নিয়ে। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও জেলা লৌহজং, টঙ্গীবাড়ি, সিরাজদিখান ও সদর উপজেলায় এই ঝড়ে গাছপালা উপড়ে যায়।
 
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের সরকারি সব রকম সহায়তা প্রদান করা হবে। শ্রীনগরের ইউএনও ও এসি (ল্যান্ড) ঘটনাস্থলে রয়েছে। জরুরি সাহায্য প্রয়োজন হলে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে