মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নারী অধিকার বাস্তবায়নে এবং মাদক যুব সমাজ ধ্বংসের প্রধানতম অন্তরায়। তাই সরকার দেশকে বাল্য বিবাহ ও মাদক মুক্ত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে সরকার বাল্য বিবাহ নিরোধ আইন সংসদে পাশ করেছে।
সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকারই নয়, মাদকের মূল উৎপাটনে দল-মত নির্বিশেষে সকলকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কারণ যুব সমাজের পাশাপাশি মাদকে শিশুরাও ঝুঁকে পড়ছে। আর এটা যে কোন উন্নয়নশীল দেশের জন্য আশনি সংকেত।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আবুবকর চৌধুরী, তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস-চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সদস্য মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
