গাইবান্ধায় পুলিশের ওপর হামলা মামলায় জেলা বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কাচারী বাজারে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলার ও জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিমসহ ২৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন স্বাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ মাত্র চারজন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করেন।
তিনি আরো জানান, মামলা চলাকালীন সম্প্রতি জেলা বিএনপির সাধারণ স¤পাদক গাওছুল আজম ডলার মারা যাওয়ায় তাকে আগেই এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এ ছাড়া বিচারক দীর্ঘ শুনানি শেষে সোমবার বাকী ২২ আসামিকে খালাস প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
