সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নাজিম উদ্দীন ও শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মৃত দরবার গাজীর ছেলে ইনছান গাজী। এ সময় আহত হয়েছেন পুলিশ সদস্য সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা-চাঁদপুর গ্রামের মনিরুজ্জামানসহ চারজন।
পাটকেলঘাটা থানার ওসি মহিবুল আলম জানান, নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নাজিমউদ্দীন মিঠবাড়ি থেকে মটরসাইকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে উঠছিলেন। এ সময় খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাজিম উদ্দীনের বাড়ি পাটকেলঘাটায়।
অপরদিকে, শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শোকর আলী জানান, বংশিপুর বাসস্ট্র্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইনছান গাজী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
ইত্তেফাক/ইউবি
