নীলফামারী কিশোরগঞ্জকে ভিক্ষকমুক্ত ঘোষণার পর মাদকমুক্ত ঘোষণা

আপডেট : ১৫ মে ২০১৭, ২০:৪৪
‘মাদককে না বলি মাদক মুক্ত কিশোরগঞ্জ গড়ি’ এই শ্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার পর এবার মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। 
 
সোমবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম এক সমাবেশের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে সাথে নিয়ে মাদকমুক্ত ঘোষণার শপথ বাক্য পাঠ করান।
 
কিশোরগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নীলফামারী জেলার পুলিশ সুপার জাকির হোসেন খাঁনের সভাপতিত্বে উক্ত মাদকমুক্ত সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চেীধুরী, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম ডি আইজি, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্চ রংপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেওয়ান কামাল আহম্মেদ মেয়র নীলফামারী পৌরসভা ও আহ্বায়ক জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নীলফামারীসহ কিশোরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নের্তবৃন্দ। 
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, গোটা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার আগে বিভিন্ন ইউনিয়নে সভা সমাবেশের মাধ্যমে মিটিং, মিছিল, আলোচনা সভা ও সেমিনারসহ নানা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে মাদকের ক্ষতিকর বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন জায়গায় বিলবোর্ড, স্টিকার ও লিফলেট পৌঁছে দেওয়া হয়। 
 
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহায়তায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। এছাড়াও ৪৫ জন মাদক ব্যবসায়ীকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই