নিজ নিজ বিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা লড়াইকে শেষ রাউন্ডে টেনে নিয়ে গেল। কেননা গত রবিবার রাতের জয়ে স্প্যানিশ জায়ান্টরা সমান ৮৭ পয়েন্ট করে পেয়ে শীর্ষে অবস্থান করছিল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ অবশ্য এরপরও সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চাইতে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকে। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের একটির বিপরীতে স্প্যানিশ রাজধানীর দলটির খেলা বাকি দুইটি। সে খেলাগুলোয় তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো ও মালাগা। সেল্টার বিরুদ্ধে খেলাটি হবে আগামীকাল বুধবার। এটিতে জিতলেও রিয়ালকে লিগের শেষ দিনে মালাগার সাথে খেলাটি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
বার্সেলোনার শেষ খেলাটি হবে আগামী রবিবার লিগের শেষ দিনে। নিজেদের মাঠে তারা আতিথ্য দেবে এইবারকে। এর আগে নেইমারের হ্যাটট্রিকে বার্সেলোনা লা পালমাসের মাঠে ৪-১ গোলে জিতে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের উপর চাপ বজায় রাখলো। তাছাড়া ২০১২ সালের পর আবার লিগ শিরোপা ঘরে তুলতে হলে শেষ দুইটি খেলা থেকে কোচ জিনেদিন জিদানের দলকে চার পয়েন্ট পেতে হবে।
সেভিয়া হারলেও স্প্যানিশ লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ১-১ গোলে রিয়াল বেটিসের সাথে ড্র করে পায় তৃতীয় স্থান। ফলে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কোচ দিয়েগো সিমিওনির দল।
রিয়াল কোচ জিদান শিরোপা প্রসঙ্গে বলেন, ‘এটা একটা দীর্ঘ পথ। আমরা জানি স্পেনে লিগ জয় সহজ নয়। প্রতিদিনই আমরা আরো কাছে যাচ্ছি। আমরা জয় অব্যাহত রেখেছি, এরপরও দুইটি খেলা বাকি। আমরা এখন যা করছি তাই অব্যাহত রাখতে হবে।’
তার প্রতিপক্ষ কোচ লুই এনরিকে অবশ্য পরিস্থিতি কঠিন জেনেও হাল ছাড়তে নারাজ।
এনরিকে বলেন, ‘দুই দলের বিরুদ্ধে তাদের দুইটি কঠিন খেলা আছে। সেগুলো হলো সেল্টা ও মালাগা যার কাছে আমরা এ মৌসুমে হেরেছি। আমরা যদি সেখানে হারতে পারি, অন্য যে কেউই সেখানে হারতে পারে। এছাড়াও একটি বিষয়ে আমি আলোকপাত করতে চাই। সেটি হলো- সেল্টার মাঠেও আমরা অনেকবার হেরেছি।’ তিনি আরো বলেন, ‘আমাদের একটি খেলা বাকি আছে এবং পরিষ্কার ভাবে উদ্দেশ্য হলো সেই খেলাটি জেতা যাতে করে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে।’
কাতালানরা লিগে শেষ পর্যন্ত রিয়ালের সাথে কুলিয়ে উঠতে না পারলেও তাদের সামনে সুযোগ থাকবে অন্তত একটি শিরোপা জয়ের। কেননা ২৭ মে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে কোপা ডেল রের ফাইনালে অ্যালাভেজের মুখোমুখি হবে তারা।
ইত্তেফাক/নূহু
