ঝিনাইদহে দুটি জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের প্রস্তুতি চলছে

আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:৩১
 
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি শুরু করেছে র‌্যাব। সকাল সাতটা থেকে বাড়ি দুটি ঘিরে রেখেছে তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে জঙ্গিরা অবস্থান করছে এবং বোমা ও আগ্নেয়াস্ত্রের মজুদ আছে।
 
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান, তারা সোমবার গোপন সূত্রে জানতে পারে ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও প্রান্ত নামের দুজন ব্যক্তির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে আজ সকাল সাতটা থেকে বাড়ি দুটি ঘিরে ফেলে। র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু করা হবে।
 
গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের আপন ভাই সেলিম ও চাচাতো ভাই প্রান্ত।
 
উল্লেখ, একই ইউনিয়নের পোড়াহাটি গ্রামের জঙ্গি আব্দুল্লার বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট গত ২১ এপ্রিল অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। গত  ৭ মে জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানকালে জঙ্গি তুহিন ও আব্দুল্লাহ নিহত হন।
 
ইত্তেফাক/এএম