নায়ক রাজ রাজ্জাক পুত্র অভিনেতা বাপ্পারাজ, পরিচালক হিসেবেও দেখিয়েছেন নিজের কাজ। বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতিকে হেয় করে কথা বলার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।
গত রবিবার পরিচালক সমিতি থেকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
নোটিশে বলা হয়েছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে দৈনিক কালেরকন্ঠ’সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যবধি কোনো প্রতিবাদলিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।
এমতাবস্থায় গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
নোটিশের সঙ্গে ঐ পত্রিকায় বাপ্পারাজের দেয়া সাক্ষাতকারটির কপি সংযুক্ত করে দেয়া হয়েছে। নোটিশ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, নোটিশ পেয়েছি। সময়মতো উত্তর দেয়ার ব্যবস্থাও হচ্ছে।
ইত্তেফাক/আনিসুর
