ভারত সফর শেষ করে দেশে ফিরেছেন পপ তারকা জাস্টিন বিবার। তাকে নিয়ে উত্তেজনার পারদ যেমন মে মাসের প্রবল গরমকে হার মানিয়ে ছিল, তেমন বিতর্কিত লিপসিঙ্ক নিয়েও সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
কিন্তু, বিতর্ক যাই থাকুন না কেন পপ তারকার তোষামোদিতে কমতি ছিল না ভারতের। নিজস্ব ক্রু নিয়ে এ দেশে এসেছিলেন। বায়না করেছিলেন, রোলস রয়েস গাড়ি থেকে বিশেষ বাস, রিল্যাক্সেশনের জন্য কেরলের হার্বাল মাসাজও।
এমন জনপ্রিয় তারকার নিরাপত্তার জন্যও যে বিশেষ ব্যবস্থা নেয়া হবে এ আর নতুন কী? বুধবার মধ্যরাতে মুম্বাইয়ে নামে জাস্টিনের বিশেষ বিমান। বিবারের নিরাপত্তার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল সালমান খানের দীর্ঘ দিনের বডিগার্ড শেরাকে।
সারাদিন বিবারের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন শেরা। তার মুখে শোনা গেল অভিজ্ঞতার কথা, বিবারকে গেটওয়ে অব ইন্ডিয়া দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমরা একসঙ্গে হেঁটেও ছিলাম। কফি খেয়েছিলাম। উনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসেন। শিবাজি পার্কে বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলেছেন।
শেরা আরো বলেন, বিবার একেবারে বাচ্চা ছেলের মতো। যে নিজের একটা ব্যক্তিগত জায়গা চায়। একা থাকতে চায়। নিজের জীবনটা উপভোগ করতে চায়।
শেরা জানান, মাস কয়েক আগেই একটি সংস্থা তাকে ফোন করে জাস্টিন বিবারের দেহরক্ষী হওয়ার অফারটি তাকে দেওয়া হয়েছিল। তবে সালমানের দেহরক্ষী না হলে তার কাছে যে এই সুযোগ কখনও আসত না, সেটা স্বীকার করে শেরা বলেন, আমার এই কৃতিত্ব পুরোটাই তার, যাকে আমি ‘মালিক’ বলে ডাকি। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
