ধানক্ষেতে পড়ে থাকা বিদ্যুৎ-তারে প্রাণ গেল কৃষাণীর

আপডেট : ১৬ মে ২০১৭, ১৩:৩০
 
গাজীপুরের কালীগঞ্জে ধান ক্ষেতে পরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কল্পনা রাণী মণ্ডল (৬০) নামের এক কৃষাণীর প্রাণ গেল। মঙ্গলবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ।
 
নিহত কল্পনা ওই ইউনিয়নের বেলুন গ্রামের প্রমেশ চন্দ্র মণ্ডলের স্ত্রী। ​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী ধান ক্ষেত দেখতে যায় কল্পনা। এ সময় আগের দিন (বুধবার দিবাগত) রাতে ওই এলাকায় বয়ে যাওয়া ঝড়ে বিদ্যুতের একটি তার পড়েছিল। আর সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় কল্পনা। সহযোগিতায় আশপাশের লোকজন এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
সূত্র আরো জানায়, ওই গ্রামের বকুল মিয়ার বাড়ী থেকে আধা কিলোমিটার দূরত্বে একই গ্রামের বাসুদেব, প্রাণদেব, মহাদেব ও ছয়দেব বিদ্যুৎ সংযোগ নেয়। আর ঝড়ে বিদ্যুতের সেই তার পড়েই কল্পনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন। 
 
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা জানান, তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হয়রত আলী জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। তবে কারো মিটার থেকে এত দূরত্বে সংযোগ নেওয়া আইনত দণ্ডনীয়। এ ধরণের ঘটনা ঘটে থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আনিসুর