সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:০৫
 
জেলার সৈয়দপুরে মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় উপজেলার মোট ৭১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তা বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮১হাজার ৫০৭জন।
 
ওই পদের প্রতিদ্বন্দীরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল মমিন (নৌকা), বিএনপির প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য প্রভাষক শওকত হায়াত শাহ (ধানের শীষ), জাতীয় পার্টির ইলিয়াস হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের হাফেজ নুরুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর জামায়াতের পৌর আমীর আব্দুল মুনতাকিম (আনারস)।
 
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কেন্দ্র গুলোতে পুলিশ, আনসারের পাশাপাশি র্যাব ও চার প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এছাড়াও নয় জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৯টি মোবাইল টিম কাজ করছে।
 
উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার চিকিত্সাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়। বাসস।

ইত্তেফাক/এএম।