মানিকগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ ব্যক্তি

আপডেট : ১৬ মে ২০১৭, ১৫:২৯
মানিকগঞ্জে দুই হ্যালোবাইক চালক ও এক বাসযাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করা হয়। দুই হ্যালোবাইক চালক হল রিয়াদ হোসেন (১৮) ও তালেম মিয়া (২০)। আর বাসযাত্রী হলেন বাবুল (৪০)।
 
রিয়াদের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার হিজলী গ্রামে। তার বাবা রমজান আলী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় রিয়াদকে অজ্ঞান করে তার হ্যালোবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে হাসপাতালে ভর্তি করে।
 
তালেম মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে। জানা যায়, মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজার তালেমকে অজ্ঞান করে তার হ্যালোবাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য। বিষয়টি বুঝতে পেরে তালেম চিৎকার করলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তখন তালেমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, বাবুলকে পাওয়া যায় গুরুতর অসুস্থ অবস্থায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। 
 
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে তিনি।
তবে সে কিভাবে এবং কি কারণে মানিকগঞ্জে এসেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবারের সদস্যরা। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বদরুল আলম জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
 
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই