রামগতিতে ঝড়ে ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ১

আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:০৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে সোমবার দিবাগত গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত ৪টি মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে নিহত ও এক জেলে নিখোঁজ রয়েছেন। 
 
নিহত জেলেরা হলেন, চর আলেকজান্ডার ইউনিয়নের শ্যামলগ্রাম এলাকার শামছুল হকের ছেলে মো. নুরনবী (৩৫) ও একই ইউনিয়নের চর ডাক্তার এলাকার মো. হারুনের ছেলে বাগন আলী (২০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চর ডাক্তার এলাকার মো. মোস্তফার ছেলে মো. হেলাল (২০)।
 
উপজেলার মেঘনা নদী বেষ্টিত আবদুল্লার চরের হুজুরের খালের অদূরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ উল্লাহ মজনু জানান, হুজুরের খালের অদূরে মেঘনা নদীতে ২৫-৩০টি মাছ ধারার ট্রলার নোঙ্গর করা অবস্থায় ছিল। সোমবার গভীর রাতে ঝড়ের কবলে পড়ে ৩০জন জেলেসহ আওলাদ মাঝি, মাহে আলম মাঝি, মোসলেহউদ্দিন মাঝি এবং আলাউদ্দিন মাঝির ট্রলার ডুবে যায়। এর মধ্যে আওলাদ মাঝির ট্রলারের মালিক নুরনবী এবং মাহে আলম মাঝির ট্রলারের জেলে বাগন আলী নিহত হন। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে জড়ানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আওলাদ মাঝির ট্রলারের জেলে মো. হেলাল নিখোঁজ রয়েছেন। তবে অপর জেলেরা সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠতে সক্ষম হন।
 
রামগতি থানার এসআই মো. জাহাঙ্গীর জানান, নিহত জেলেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই