স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কারা নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে জোরদার ও উন্নত হয়েছে। বাংলাদেশে কারাবন্দির শ্রেণিবিন্যাসের ব্যবস্থা না থাকলেও অন্য অনেক দেশের চেয়ে এ দেশের কারাগার ব্যবস্থাপনা অনেক উন্নত- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রেণি বিন্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কারা কর্মকর্তাদের ‘কারাগারের অভ্যন্তরে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এতে ১৪টি দেশের ২৮জন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
আন্তর্জতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভানুয়াতু অংশগ্রহণ করছে।
ইত্তেফাক/এমআই
