অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার পাপুয়া নিউ গিনির কারাগারে ১৭ বন্দির নিহতের ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে। বন্দিরা জেল ভেঙ্গে পালানোর সময় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিরস্ত্র বন্দিদের গুলি করে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
পুলিশ জানায়, প্রশান্ত মহাসাগর তীরবর্তী দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী লায়ের বুইমো কারাগার ভেঙে বন্দিদের পালানোর সময়ে হতাহতের ঘটনা ঘটে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘এটা খুবই উদ্বেগের বিষয় যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথমেই নিরস্ত্র মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কোন ধরনের ভ্রুক্ষেপ না করেই প্রথমেই তাদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন।’
তিনি আরো বলেন, ‘পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষকে অবিলম্বে এই ঘটনার একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত চালানোর নির্দেশ দেয়া উচিত।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
