সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, দগ্ধ ২

আপডেট : ১৬ মে ২০১৭, ১৭:৩৭
 
চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে এওচিয়া ইউনিয়নের দেওদিঘী এলাকায় সাইদুল আলম সানি (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক শিশু ও বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
 
ঘটনাটি ঘটে গত ১৫মে সোমবার রাত ২টার সময়। নিহত সানি স্থানীয় দেওদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
ক্ষতিগ্রস্তরা জানান, গভীর রাতে বাড়ীর লোকজন ঘুমিয়ে পড়ার পর বেড়ার তৈরি টিনশেডের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে কোরবান আলীর ঘরে আগুন ধরে যায়। আগুনে তার ছেলে সানি পুড়ে যায়। এ ঘটনায় মাইশা আক্তার (৭) ও আয়শা আক্তার (৬৫) নামে আরও দুইজন দগ্ধ হয়েছেন।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদুল হক ইত্তেফাককে গভীর রাতে আগুনে এক ছাত্রের মৃত্যু ও দুইজন দগ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান