একনেকে ৮ প্রকল্প অনুমোদন

আপডেট : ১৬ মে ২০১৭, ১৮:৩০
দ্বিতীয় পর্যায়ে চালু হচ্ছে ‘তথ্য আপা’ কর্মসূচি। এজন্য ৫৪৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ‘তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় মহিলা সংস্থা। এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩টি উপজেলায় ১৩টি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে নারী তথ্য আপার মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের বিবিধ ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এবারের দ্বিতীয় পর্যয়ে এই সেবা সারাদেশের ৪৯০টি উপজেলায় তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। একনেক বৈঠকে জানানো হয়েছে, তথ্য-প্রযুক্তি ভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়ন, তথ্য-প্রযুক্তি সম্পর্কে এক কোটি গ্রামীণ নারীকে উদ্বুদ্ধকরণ এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করা হবে এ প্রকল্পের মাধ্যমে। সেইসাথে তথ্য কেন্দ্রের মাধ্যমে ই-কমার্স সহায়তা প্রদান, ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দল গঠন করা এবং ওয়েব পোর্টল, তথ্য ভান্ডার, তথ্য আপা আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভির উন্নয়ন করা হবে।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 
 
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানান, ৮ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ৯২৯ কোটি ৯৭ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৭৯৩ কোটি ৬৪ লাখ টাকা।
 
ইত্তেফাক/এমআই