মদনে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপির জয়

আপডেট : ১৬ মে ২০১৭, ১৮:৪৯
 
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঙ্গলবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ বেসরকারি হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে এবার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পেরেছে।
 
পৌরসভা সহ আট ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে এক লাখ সাত হাজার তিনশ' ৫৭ ভোটারের মধ্যে ৫০ হাজার চারশ' ৪৭জন ভোট প্রদান করেছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ (ধানের শীষ) প্রতীকে ২৬ হাজার পাঁচশ' ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
রফিকুল ইসলাম আকন্দের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল কদ্দুছ নৌকা প্রতীকে ২৩ হাজার আটশ' ৪০ ভোট পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শুকুর মাহমুদ মিয়া জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল কম, পুরুষের চেয়ে নারী ভোটার ছিল বেশি।
 
ইত্তেফাক/জামান