অস্ট্রেলিয়া দলকে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩১
অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান শন ক্যারোলের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ইংল্যান্ড দলের বাংলাদেশে সফরকালে তাদের নিরাপত্তায় আশ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। তারা মনে করেছে বাংলাদেশ সব সময় নিরাপদ। সেজন্য তারা খেলতে আসছে। তারা জানতে চায় তাদের আমরা ইংল্যান্ডের মতো নিরাপত্তা দেবো কিনা? তাদের আমরা বলেছি বাংলাদেশ স্পোর্টস লাভিং কান্ট্রি। খেলার জন্য এ দেশের মানুষ সব কিছুই করে। শুধু জনগণ নয় খেলাকে ছড়িয়ে করার জন্য প্রধানমন্ত্রীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আর উনি ক্রিকেট অনুরাগী এটা সবাই জানে। তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু ইংল্যান্ডের মতো নয়, অস্ট্রেলিয়া যে ধরনের নিরাপত্তা চাইবে সে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা