বনানীতে ধর্ষণের সময় হুমকিতে ব্যবহৃত শটগান উদ্ধার

আপডেট : ১৬ মে ২০১৭, ২১:০১
বনানীতে দ্য রেইনট্রি হোটেলে আটকে রেখে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় গ্রেফতার সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন ৪ দিন ও দেহরক্ষী রহমত আলীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্র ঠেকিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সাফাতের গাড়ি চালক বিল্লাল ধর্ষণের দৃশ্য ভিডিও করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে বিল্লালের মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ মুছে ফেলেছেন। এই ভিডিও ফুটেজ উদ্ধারের জন্য ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তা নিবে। এছাড়া দুই ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করার কথাও স্বীকারে দেহরক্ষী রহমত আলী। তবে তারা সবই করেছেন তাদের মালিক সাফাত আহমেদের নির্দেশে। সাফাত আহমেদের অধীনে চাকরি করেন বলে তাদের করার কিছুই ছিল না। যখন যা নির্দেশ দিতেন তাই তাদের মানতে হতো। এটাই তাদের ছিল চাকরি। 
 
অপরদিকে, এই মামলার প্রধান আসামি সাফাত আহমেদের রিমান্ডের তৃতীয় দিন জিজ্ঞাসাবাদে ঘটনার দিন বহন করা শটগানটি তার বাবার লাইসেন্সকৃত বলে জানিয়েছেন। শটগানে ১০ রাউন্ড বুলেট ছিল। 
 
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্সকৃত এই শটগানটি জব্দ করা হবে। শটগানটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের নামে ইস্যু কিনা তাও খতিয়ে দেখা হবে। লাইসেন্সকৃত শটগান হলে, সেটি অন্যজন ব্যবহারও একটি অপরাধ। এসব বিষয় গোয়েন্দা পুলিশ খতিয়ে দেখছে। 
 
গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, ই-মেকার্স বাংলাদেশের মালিক নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেনকে আসামি করে একজন ছাত্রী মামলা করেন। ১১ মে প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাতে র‌্যাব এবং ডিবির পৃথক অভিযানে গ্রেফতার হয় গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। গ্রেফতার হওয়া গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইসমত আরা এমি। ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা শুনানি শেষে আদালত বিল্লাল হোসেনকে চার দিনের ও রহমত আলীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
ইত্তেফাক/পাভেল