জেলায় কালিহাতী উপজেলা সংলগ্ন সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। এর ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। এ অবস্থা সমাধানে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫০০ জন। বর্ষার সময় একটু বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাঁটু পানি জমে যায়। এরপর পানি শুকিয়ে গেলে মাঠটি কাদায় পরিপূর্ণ থাকে। পয়নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। ওই অবস্থার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, বিপাকে পড়ে শিক্ষকরা।
কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। শিক্ষার্থীদের মনে প্রশ্ন, এ ভোগান্তি থেকে রক্ষা পাবে কি তারা? হবে না এর কোনো সমাধান? সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন বলেন, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিয়া পারভীন বলেন, এ ব্যাপারে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সঙ্গে কথা বলেছি। বরাদ্দ পেলেই মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/নূহু
